মাটির হাড়িতে রান্না করার নিয়ম
বাজার থেকে সুন্দর একটা মাটির হাঁড়ি বা প্লেট কিনে আনলেন, আর তখনি রান্না বসিয়ে দিলেন—এমনটা কিন্তু একদম করবেন না! মাটির জিনিসের ক্ষেত্রে “মজা” আর “মজবুত” হওয়াটা অনেকটাই নির্ভর করে আপনি সেটাকে কীভাবে প্রথমবার ব্যবহার করছেন তার ওপর। আমাদের দেশের আবহাওয়ায় মাটির জিনিসের বিশেষ যত্ন দরকার হয়। চলুন জেনে নিই, কেনা থেকে শুরু করে নিয়মিত ব্যবহারের কিছু আসল নিয়ম।
নতুন মাটির হাঁড়ি হাতে পাওয়ার পর প্রথম কাজ
১. পানিতে ভিজিয়ে রাখা (সবচেয়ে জরুরি): নতুন কেনা পাত্রটি অন্তত ৪ ঘণ্টা বা তার বেশি সময়ের জন্য পরিষ্কার পানিতে ডুবিয়ে রাখুন। দেখবেন পানি থেকে ছোট ছোট বুদবুদ উঠছে—এর মানে মাটির ছিদ্রগুলো পানি দিয়ে ভরাট হচ্ছে।
২. হালকা হাতে পরিষ্কার: মাটির জিনিস ধোয়ার জন্য তারের জালি বা কড়া মাজুনি একদমই ব্যবহার করবেন না। নরম স্পঞ্জ বা শুধু পানি দিয়েও অনেক সময় পরিষ্কার হয়ে যায়।
৩. রোদে শুকানো: পানি থেকে তোলার পর সরাসরি রান্না করবেন না। ছায়াযুক্ত কিন্তু বাতাস চলাচল করে এমন জায়গায় বা হালকা রোদে ভালো করে শুকিয়ে নিন।
৪. তেল মালিশ (রান্নার হাঁড়ির জন্য): শুকানোর পর সামান্য সরিষা/সয়াবিন/অলিভ অয়েল হাঁড়ির তলায় আর চারপাশে মাখিয়ে রাখুন। একটু শুকিয়ে গেলে চুলায় খুব হালকা আঁচে ৫-১০ মিনিট রাখুন। এতে মাটির স্থায়ীত্ব কয়েক গুণ বেড়ে যাবে।
৫. প্রথম রান্না: আস্তে আস্তে তাপমাত্রা বাড়ান। হঠাৎ করে উচ্চ তাপমাত্রায় রান্না করা থেকে বিরত থাকুন।
৬. প্রচন্ড গরম অবস্থায় ঠান্ডা কিছু দিবেন না। এতে মাটির জিনিস ফেটে যেতে পারে।
৭. ধোয়ার সময়: মাটির পাত্র ধোয়ার সময় ডিটারজেন্ট বা হার্ড কেমিক্যাল ব্যবহার করবেন না। প্রয়োজনে খাবার সোডা ব্যবহার করুন এবং নরম স্পঞ্জ দিয়ে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিন।
৮. মাটির হাঁড়ি সংরক্ষণ: মাটির হাঁড়ি সংরক্ষণের জন্য সবসময় পানি থেকে দূরে, শুষ্ক ও ঠান্ডা জায়গায় রাখুন। দীর্ঘসময় আর্দ্র পরিবেশে রাখলে পণ্যের স্থায়ীত্ব কমে যেতে পারে।\
নিয়মিত ব্যবহারের কিছু টিপস যা আপনাকে কেউ বলবে না
- আগুন নিয়ে তাড়াহুড়ো নয়: মাটির হাঁড়িতে রান্না শুরু করার সময় কখনোই হুট করে বড় High Flame বা একদম চড়া আগুন দেবেন না। আগে কড়াই বা হাঁড়িটি আঁচে গরম হতে দিন, তারপর ধীরে ধীরে চুলা বাড়ান।
- থার্মাল শক থেকে সাবধান: খুব গরম মাটির জিনিস চুলা থেকে নামিয়েই সরাসরি ট্যাপের ঠাণ্ডা পানিতে দেবেন না। এতে মাটির জিনিস “চট” করে ফেটে যেতে পারে। একটু সময় দিন, ঠাণ্ডা হতে দিন।
আরো বিস্তারিত টিপস পেতে আমাদের যত্ন ও রক্ষণাবেক্ষণ পেজটি দেখে নিতে পারেন। আমরা চাই আপনার মাটির পাত্রগুলো বছরের পর বছর অক্ষত থাকুক। আর আমাদের ডেলিভারি কতটা সাবধানে হয়, তা জানতে পড়ে নিন প্যাকেজিং ও ডেলিভারি পলিসি।